মাগুরার বুনাগাতিতে ভিডব্লিউবি চাল কেলেঙ্কারি: ৩০ কেজির বদলে ২৬ কেজি, ভিডিওতে ধরা দুর্নীতি
মাগুরা প্রতিনিধি :
মাগুরা জেলার শালিখা উপজেলার বুনাগাতি ইউনিয়ন পরিষদে ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ৩০ কেজি করে চাল দেওয়ার নিয়ম থাকলেও সুবিধাভোগীদের ২৬ থেকে ২৭ কেজি করে চাল দেওয়া হচ্ছে বলে ভিডিও প্রমাণে উঠে এসেছে।
গোপন সূত্রে এ সংক্রান্ত তথ্য পেয়ে স্থানীয় সাংবাদিক উজ্জ্বল হোসেন শান্ত ও সুবীর কুমার ঘোষ বুনাগাতি ইউনিয়ন পরিষদে গিয়ে সরেজমিনে তদন্ত করেন। এ সময় অভিযোগের সত্যতা পাওয়া যায়।
একজন নারী সুবিধাভোগী কার্ডধারী সাংবাদিকদের জানান,
গত মাসে আরেকজন মহিলাকে ২৭ কেজি চাল দেওয়া হয়েছে। কিছু সময় আগে অন্য একজনকে মাত্র ২৬ কেজি চাল দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, গত মাস ও চলতি মাসের দুই মাসের চাল একসঙ্গে ওজন করলে মোট ৫১ কেজি পাওয়া যায়। অথচ নিয়ম অনুযায়ী দুই মাসে ৬০ কেজি চাল পাওয়ার কথা।
এ ঘটনায় চাল বিতরণে দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন পরিষদের কর্মচারীরা সাংবাদিকদের সঙ্গে উচ্চস্বরে কথা বলেন এবং হুমকি-ধামকি দেন বলে অভিযোগ ওঠে। তারা সাংবাদিকদের ইউনিয়ন পরিষদের প্রশাসকের সঙ্গে কথা বলতে বলেন।
পরবর্তীতে সাংবাদিকরা ইউনিয়ন পরিষদের প্রশাসক অঞ্জনা রানীর সঙ্গে যোগাযোগ করলে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,
আপনারা কার অনুমতিতে গোডাউনে প্রবেশ করেছেন?
অভিযোগ রয়েছে, তিনি সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা প্রদান করেন এবং তথ্য সংগ্রহে সহযোগিতা করেননি।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দরিদ্র ও অসহায় নারীদের জন্য বরাদ্দ সরকারি খাদ্যসামগ্রী আত্মসাতের ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
এ ঘটনায় এলাকাবাসী মাগুরা জেলা প্রশাসক, শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং দুর্নীতি দমন কমিশনের হস্তক্ষেপ কামনা করেছেন।